রাজপথের আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিলেন জামায়াত আমির

জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে রাজপথের আন্দোলন আরও তীব্র করার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার খুলনার শিববাড়ি বাবরি চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধিকার আদায়ে রাজপথে থাকার বার্তা
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ১১ দলীয় জোটের উত্থাপিত সাত দফা দাবি এখন আর নির্দিষ্ট কোনো রাজনৈতিক জোটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের আপামর জনগণের গণদাবিতে পরিণত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পথসভার কার্যক্রম শুরু হয়। সকাল থেকে খুলনার বিভিন্ন থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিববাড়ি বাবরী চত্বরে সমবেত হতে থাকেন নেতা-কর্মীরা। দুপুর সোয়া ২টার দিকে লংমার্চের মূল বহর খুলনায় পৌঁছালে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানায়।
১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি এবং জাগপার মুখপাত্র রাশেদ খান প্রধান। এ ছাড়া ১১ দলীয় জোট ও শরিক বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পথসভায় বক্তব্য দেন।