সাত দফা না মানলে আন্দোলনের গতি এক দফায় পৌঁছাবে: শফিকুর রহমান

এক দফার চূড়ান্ত আন্দোলন শুরু হওয়ার আগেই সরকারের প্রতি সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, দাবি না মানলে এই আন্দোলন এক দফায় রূপ নেবে। শনিবার রাতে ঝিনাইদহ বাস টার্মিনালে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি কেবল কোনো দলের নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের দাবি। গত ১২ ফেব্রুয়ারির গণভোটে সিংহভাগ মানুষ ‘হ্যাঁ’ সূচক রায় দিলেও তা বাস্তবায়ন না করে সরকার জনগণ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছে। গণভোটের পূর্ণাঙ্গ রায় অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
দাবি না মানলে ঢাকায় কর্মসূচির হুঁশিয়ারি
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির স্পষ্ট করেন যে, সরকার দাবি বাস্তবায়নে এগিয়ে এলে নতুন করে দীর্ঘযাত্রার আর কোনো প্রয়োজন থাকবে না। কিন্তু দাবি পূরণ না হলে পরবর্তীতে রাজধানী ঢাকায় কঠোর কর্মসূচি ঘোষণা করে জনগণকে মাঠে নামার আহ্বান জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছে। দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি ও নজিরবিহীন দলীয়করণ বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।
অধ্যাপক আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার সকালে ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ বহরটি ঝিনাইদহের কর্মসূচ শেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের দিকে রওনা হয়।